ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫১, ৫ আগস্ট ২০২১
আপডেট: ২৩:৪১, ৫ আগস্ট ২০২১

গণটিকার কার্যক্রম পেছালো এক সপ্তাহ

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আনতে দেশে কয়েক দফায় চলছে গণটিকা প্রদান কার্যক্রম। তবে এটি এক সপ্তাহ পিছিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আগামী ১৪ আগস্ট শুরু হয়ে ১৯ আগস্ট পর্যন্ত দেশে পুরোদমে চলবে টিকা প্রদান কার্যক্রম। 

বৃহস্পতিবার (৫ আগস্ট) এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, আগামী শনিবার (৭ আগস্ট) পরীক্ষামূলকভাবে গণটিকার কার্যক্রম শুরু হবে। এর ঠিক এক সপ্তাহ পর শুরু হবে সারাদেশে গণটিকা। 

গণটিকা ক্যাম্পেইনের আওতায় আপাতত একদিন (৭ আগস্ট) ভ্যাকসিন দেওয়া হবে। তারপর সাতদিন বন্ধ থাকার পর আবার ক্যাম্পেইন চালু হবে। তবে চলমান টিকাদান কর্মসূচি অব্যাহত থাকবে।

তবে এর আগের ঘোষণা অনুযায়ী, ৭ আগস্ট থেকে দেশে সপ্তাহব্যাপী করোনার টিকাদান কর্মসূচি হওয়ার কথা ছিল। প্রথম দিন প্রায় ৩২ লাখ টিকা দেওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছিল সরকার। ইতোমধ্যেই টিকা দিতে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

তবে আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর জানাচ্ছে, আমাদের বাকি সব পরিকল্পনা ঠিক আছে। লকডাউনের কারণে পরিবহনে সমস্যা। তাই ৭ তারিখ রান টেস্ট, আর ১৪ তারিখ থেকে গণহারে টিকা কার্যক্রম শুরু। ভ্যাকসিনেশনের এই ক্যাম্পেইনের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বিস্তারিত জানাবেন।

এদিকে কোন পর্যায়ে কয়টি করে টিকাকেন্দ্র হবে, কোথায় টিকা কেন্দ্রগুলো করা হবে, তা-ও ঠিক হয়েছে। এ বিষয়ে মাঠপর্যায়ে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।

টিকা দেওয়ার প্রস্তুতি নিয়ে বুধবার (৪ আগস্ট) বিকেল ৪টায় অনলাইনে সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রতিটি জেলার জেলা প্রশাসক (ডিসি), সিভিল সার্জন, পুলিশ সুপার (এসপি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

স্বাস্থ্য অধিদপ্তর বলেছে, প্রতিটি ইউনিয়নে সপ্তাহে দু’দিন নিয়মিত টিকাদান ঠিক রাখা হবে। এর বাইরে তিন দিন করোনার টিকা দেওয়া হবে। গত কয়েক দিন ধরে দিনে তিন লাখের মতো করোনার টিকা দেওয়া হচ্ছে। ইউনিয়ন পর্যায়ে টিকা দিতে কেন্দ্র থাকবে প্রায় ১৪ হাজার।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়