ঢাকা, সোমবার ৩১ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৫ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৫১, ৮ নভেম্বর ২০২০

কুমিল্লায় হিন্দুদের ওপর হামলা গুরুত্বের সঙ্গে দেখছে ভারত

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কুমিল্লার মুরাদনগরে হিন্দুদের ওপর হামলা ও হিন্দু মন্দিরে ভাঙচুরের ঘটনা গুরুত্বের সঙ্গে দেখছে ভারত।

এ ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব জানান, এই ঘটনাটির ব্যাপারে ঢাকায় আমাদের হাই কমিশন ও উপ-দূতাবাস বাংলাদেশের স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলছে। তাদের কাছে বিষয়টি আমরা উত্থাপন করেছি।

অনুরাগ শ্রীবাস্তব আরো বলেন, আমাদের এটাও জানানো হয়েছে যে বাংলাদেশ সরকার কুমিল্লার ওই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। কীভাবে সেখানে সহিংসতার সূচনা হলো, আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো সেটা তদন্ত করে দেখছে। সেখানে যাতে এই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না-ঘটতে পারে, সেটা ঠেকানোর জন্যও পুলিশ ও প্রশাসন সতর্ক রয়েছে।

এর আগে হিন্দু পরিবারের ওপর হামলার ঘটনা সামনে আসার পর ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস বিষয়টি নিয়ে ঢাকার সঙ্গে কথা বলতে কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছিল।

ভারতের পার্লামেন্টে কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী বলেন, অবিলম্বে ব্যবস্থা না নিলে এই ধরনের ঘটনার প্রভাব সীমান্তের এপারেও পড়তে পারে। সেজন্য তারা চান বিষয়টি বাংলাদেশ সরকারের কাছে উত্থাপন করা হোক।

এদিকে ভারতের প্রতিক্রিয়ার ব্যাপারে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানা নেই বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তবে এ প্রসঙ্গে তিনি গণমাধ্যমকে বলেন, এই ঘটনা আসলে একটা দুর্ঘটনা, সেটা ওই দেশেও হয়। কোনো সরকারই চায় না যে এগুলো হোক। আমাদের দেশ সম্প্রীতির দেশ। আমাদের দেশে মাইনরিটিরা যত সুখে আছে, অন্য অনেক দেশে সে অবস্থা নেই।

তিনি বলেন, এরকম একটা দুর্ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে আমরা তার বিচারের ব্যবস্থা করি। সেজন্য আমাদের কাছে তদবির করার দরকার নেই বা পরামর্শের দরকার নেই। আমরা নিজে থেকেই এ ব্যাপারে অ্যালার্ট। সম্প্রীতি কোথাও নষ্ট হোক, এটা আমরা চাই না, এটা আমাদের একটা প্রায়োরিটি ইস্যু।

তিনি বরং অন্যদের সতর্ক থাকার পরামর্শ দেন, যাতে তাদের নিজের ঘরে এরকমের দুর্ঘটনা না হয়।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়